প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণ-তরুণীদের দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ভোলা শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণ-তরুণীদের দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।
বক্তব্যে তিনি যুব ও শিশুদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের কথাও তুলে ধরেন।
এইদিন ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘ইলিশা বায়োগ্যাস পল্লী’উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। স্থানীয় পর্যায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরি ও যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর ও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।