বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) রোস্টারভিত্তিক এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. মাহবুব জামিল, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এবং ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানগুলো থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।