হাদিসের বর্ণনায় বুদ্ধিমান যিনি

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ এএম

বুদ্ধিমান ব্যক্তি নিজের কাজের হিসাব নেয়, ভুল থেকে ফিরে আসে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। হাদিসে এমন ব্যক্তিকেই প্রকৃত বুদ্ধিমান বলা হয়েছে। নবীজি (সা.) বলেছেন, ‘বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর অক্ষম সেই ব্যক্তি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে মিথ্যা আশা পোষণ করে।’ (সুনানে তিরমিজি ২৪৫৯)

হাদিসটিতে প্রকৃত বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। মানুষ সাধারণত অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে। কে কী করল, কার কোথায় ত্রুটি রয়েছে, এসব নিয়ে অনেকেই সময় ব্যয় করে। অথচ নিজের কাজের হিসাব নেওয়া, ভুলগুলো চিহ্নিত করা এবং নিজেকে সংশোধন করার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থেকে যায়। নবীজি (সা.) আমাদের সেই আত্মজিজ্ঞাসার শিক্ষা দিয়েছেন। নিজের হিসাব নেওয়ার অর্থ হলো, প্রতিদিন নিজের কথা, কাজ, আচরণ ও নিয়তের পর্যালোচনা করা। আল্লাহর নির্দেশ কতটুকু পালন করেছি, কারও অধিকার নষ্ট করেছি কি না, কারও মনে কষ্ট দিয়েছি কি না, অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করেছি কি না, এসব বিষয়ে নিজেকে প্রশ্ন করা। কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করে তওবা করা এবং ভবিষ্যতে সংশোধনের চেষ্টা করাই আত্মজিজ্ঞাসার প্রকৃত উদ্দেশ্য।

আসুন, আমরা সবাই এই বিষয়ে সচেতন হই যে. আমরা যেন অক্ষম ব্যক্তিতে পরিণত না হই। বরং নিজের হিসাব নিজে নিই এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি।

সর্বশেষ সর্বাধিক পঠিত