ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় ২ হাজার মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে কৌশলগত হরমুজ প্রণালিতে একটি তেলবাহী সুপারট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ‘রুজভেল্ট’ স্ট্রাইক গ্রুপ এবং প্রায় ২ হাজার মেরিন সেনাসহ ‘মাকিন আইল্যান্ড’ বাহিনী ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা করেছে।
মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর এই প্রক্রিয়া নভেম্বরের মধ্যে পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ২৫ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি সুপারট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে কথিত নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় এক ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য লন্ডন থেকে ২৭ বছর বয়সী ওই দ্বৈত নাগরিককে আটক করা হয়।
এদিকে ইয়েমেনের তাইজ প্রদেশে হুথি বিদ্রোহীরা বিভিন্ন সম্মুখযুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। সম্প্রতি লোহিত সাগরীয় উপকূলের কিছু এলাকা দখলের পর নিজেদের সামরিক অভিযান আরও এগিয়ে নিতে তারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
তবে ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করে নিজেদের অবস্থান ধরে রাখার দাবি করেছে। সরকারি বাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এসব সংঘর্ষে হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।