টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে দীর্ঘ ১৩ বছর ধরে রাজত্ব করে আসছিল ক্রিস গেইলের নাম। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্যারিবিয়ান ব্যাটিং দানবের সেই অবিস্মরণীয় অপরাজিত ১৭৫ রানের ইনিংসটিকে সবাই অস্পৃশ্য বলেই ধরে নিয়েছিল। কিন্তু সময়ের পালাবদলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নতুন এক ইতিহাস লিখলেন মাত্র ২০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তরুণ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
ব্লুমফন্টেইনে টাইটানসের জার্সিতে ব্যাট হাতে এক অবিশ্বাস্য ও ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়ে অপরাজিত ১৮৮ রান করে গেইলের সেই মুকুট নিজের মাথায় পরে ‘নতুন গেইল’ বনে গিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই ঝড় তোলেন প্রিটোরিয়াস। উইকেটের চারপাশ দিয়ে একের পর এক চোখ জুড়ানো শটে মাত্র ২৪ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর খোলস ছেড়ে আরও বেশি আগ্রাসী হয়ে উঠলেন এই তরুণ; পরবর্তী ১৬ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন।
ইনিংসের শেষ পর্যন্ত ৭৯ বল মোকাবিলা করে ১৫টি চার এবং ১৩টি ছক্কার মারপ্যাঁচে অপরাজিত ১৮৮ রানের ঐতিহাসিক এক ইনিংস উপহার দেন তিনি। কেবল ১২টি রানের আক্ষেপ থাকতেই পারে, কারণ এই ইনিংসেই টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে তার আগেই নিজের মহাতারকা সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রানের আগের দক্ষিণ আফ্রিকান রেকর্ডটি পেছনে ফেলে দেন প্রিটোরিয়াস।
তরুণ এই ওপেনারের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে টাইটানস। প্রিটোরিয়াসের স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭, যেখানে তার করা ১৮৮ রানের মধ্যে ১৩৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। প্রতিপক্ষের কোনো বোলারই এই ঝড়ের সামনে টিকতে পারেননি; প্রতিটি বোলারের ইকোনমি রেট ছিল ওভারপ্রতি এগারো বা তারও বেশি। পরে নাইটসের ব্যাটিং লাইনআপ বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে এবং ১৪৩ রানে অলআউট হয়ে যায়, যার ফলে ১২৪ রানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটানস।
ক্যারিয়ারের শুরু থেকেই রেকর্ডের চাদরে নিজেকে মুড়ে নিচ্ছেন প্রিটোরিয়াস। গত বছর টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়ার পর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন তিনি।
গত মাসে নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মের ঝলক দেখানোর পর ঘরোয়া টি-টোয়েন্টি লিগের এই প্রথম ম্যাচেই নিজের নামের পাশে যোগ করলেন বিশ্বরেকর্ডের সোনালী অধ্যায়। গেইলের যুগ পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নতুন এক রোমাঞ্চের নাম লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
জিদানের হোম অভিষেকের উৎসবে ইতালির বাধা