সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

পলিব্যাগে চিরকুট রেখে চাওয়া হতো বিকাশে টাকা; ১৫০ থেকে ২০০টি মিটার চুরির কথা স্বীকার এক আসামির!

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম

ঢাকা-১ শিল্পাঞ্চলের সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ-১। শনিবার (৩ অক্টোবর) দুপুরে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চোরচক্র গ্রেপ্তারের তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের চৌহালী থানার পাথরাইল গ্রামের মো. সবুজ মিয়া ওরফে ‘মিটার সবুজ’ (২৫) এবং একই উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের মো. মারুফ মোল্লা (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি বিগত কয়েক মাস ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার মিটার চুরি করে আশপাশেই লুকিয়ে রাখত। এরপর ঘটনাস্থলে পলিথিনে মোড়ানো চিরকুটে একটি বিকাশ নম্বর রেখে যেত। কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দর-কষাকষির মাধ্যমে বিকাশে টাকা নিয়ে মিটারের অবস্থান জানিয়ে দেওয়া হতো।

পুলিশের তথ্যমতে, গত ৫ আগস্ট রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার ‘দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড’-এর ১ নম্বর গেটের সামনে থেকে পল্লী বিদ্যুতের একটি মিটার চুরি হয়। ধামরাই থানায় দায়ের করা মামলার ছায়া তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে গত শুক্রবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সবুজ ও মারুফকে আটক করা হয়। পালানোর সময় মোটরসাইকেল থেকে পড়ে তারা আহত হন। এ সময় তাদের কাছে একটি হেক্সিং ব্র্যান্ডের মিটার, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় সবুজ একা ১৫০ থেকে ২০০টি এবং মারুফ ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় চুরি, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে; যার মধ্যে সবুজের নামে ৬টি এবং মারুফের নামে ১০টি মামলা বিদ্যমান। চোরচক্রের অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, সৈয়দ ফয়ছল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন এবং সহকারী পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত