পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর এলাকা থেকে অপহৃত ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। চিপস কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ৪টার দিকে অপহরণের শিকার হয় শিশুটি। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার।
তিনি জানান, অভিযুক্তরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একটি অজ্ঞাত গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীকালে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ২টার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়। একই সাথে মামলার প্রধান আসামি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার আনোয়ার উল্যার ছেলে মো. শাহা জামালকে (৪১) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
‘চোরাই গরু’ দিয়ে বৌভাত, অভিযুক্ত গ্রেপ্তার