মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না: প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখতে পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, অন্যায় যে করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় এবং সমাজ থেকে মাদক কীভাবে দূর করা যায়, তা নিয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কমিউনিটি পুলিশিংয়ে এরই মধ্যে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান থাকবে। সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

যুবসমাজকে ধ্বংস করার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, মাদক দেশে উৎপাদিত হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো দেশে ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

মাদকের অপব্যবহার রোধে রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশ প্রশাসনকে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না।’ নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।

টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত ও মোস্তফা কামালসহ পাঁচজন।

কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সর্বশেষ সর্বাধিক পঠিত