বিএনএসবি চক্ষু হাসপাতালে ১২ হুইলচেয়ার দিল রোটারী ক্লাব

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম চক্ষু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তার লক্ষ্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালকে ১২টি হুইল চেয়ার দিয়েছে রোটারী ক্লাব অব মতিঝিল ঢাকা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

রোটারী ক্লাব অব মতিঝিল ঢাকার প্রেসিডেন্ট আব্দুস শাকুর চৌধুরী, চার্টার্ড মেম্বার ইমরান আহমদ চৌধুরী ও সৈয়দ ফরহাদ আব্বাস হুইল চেয়ারগুলো হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কার্যকরী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ মাহবুব, নির্বাহী সদস্য সাব্বির আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, এস এম উদেদ আলী, নূরুল ইসলাম তরফদার ও আজীবন সদস্য সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ।

রোটারী ক্লাব অব মতিঝিল ঢাকার সহযোগিতাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, হুইল চেয়ারগুলো হাসপাতালে আসা অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। এ ধরনের মানবিক উদ্যোগ প্রান্তিক ও অসহায় রোগীদের জন্য হাসপাতালের সেবা আরও সহজ ও রোগীবান্ধব করতে সহায়ক হবে।

ভবিষ্যতেও রোগীদের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত