গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়ায় কুমার নদে জাকজমকপূর্ণ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে পূর্ব গাছবাড়িয়া প্রভাতী সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে মোট ১৩টি নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে।
দুপুর থেকেই কুমার নদের উভয় তীরে সর্বস্তরের নানা বয়সী নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। নৌকার গতি, বৈঠার তালে তালে প্রতিযোগীদের কাসর-ঢাক আর হুল্লোড়ের সাথে দর্শকদের করতালি মিলে নদের দু’পাড়ে এক অনাবিল আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পূর্ব গাছবাড়িয়া প্রভাতী সংঘের সভাপতি রাশেদুল ইসলাম ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম ওসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান অধিকার করে ‘ফলিয়া এন্টারপ্রাইজ’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে ‘আমগ্রাম এক্সপ্রেস’। দুটি দলকেই পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। তৃতীয় স্থান অর্জনকারী ‘নিরঞ্জন’ দল লাভ করে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি দলগুলোকে ২১ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হয়।
আয়োজক ও পূর্ব গাছবাড়িয়া প্রভাতী সংঘের সভাপতি রাশেদুল ইসলাম ছোটন জানান, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই গ্রামীন সংস্কৃতিকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ। বিশেষ করে তরুণদের মাদক, নেশা ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর পথ থেকে সরিয়ে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
বাইচ দেখতে আসা দর্শকরা দীর্ঘদিন পর এমন মনোমুগ্ধকর উৎসব উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা মনে করেন, এই আয়োজন মানুষের সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যকে নতুন করে পরিচয় করিয়ে দেয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া চমৎকার এই আয়োজনের প্রশংসা করে বলেন, নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। অপসংস্কৃতি ও সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের প্রত্যাশা, গ্রামীণ বিনোদনকে সমৃদ্ধ করতে প্রতিবছর নিয়মিতভাবে কুমার নদে এই নৌকাবাইচের আয়োজন করা হবে।
কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ভিড়