প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

মৌলভীবাজার সদরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মামুন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) মৌলভীবাজার সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মামুন মিয়া (৩০) ওই গ্রামের মিজান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টিকটকার মামুন কয়েকদিন ধরে নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য সংবলিত ভিডিও তৈরি ও প্রচার করে আসছিলেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন। ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করে। মামুনের বিরুদ্ধে থানায় আগে আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।

এব্যাপারে মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি জিল্লুর রহমান বলেন,‘প্রধানমন্ত্রীকে কটূক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ মামুনকে আটক করে।

গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মীর শামীম আহমেদ বলেন, তার এসব বক্তব্যের পেছনে দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে গালিগালাচের মতো কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত