ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটক করা পণ্য ও গাড়ির সিজার মূল্য প্রায় ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।

রবিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে কাভার্ড ভ্যান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ১৩ হাজার ৩৫১ পিস কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। পরে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ভারতীয় চোরাচালানি মালামালসহ কাভার্ড ভ্যানের সিজার মূল্য ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। উদ্ধার করা মালামাল ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হচ্ছে ।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

 

 




সর্বশেষ সর্বাধিক পঠিত