বিটিএসের পর গ্র্যামি বয়কটের ঘোষণা স্ট্রে কিডসের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের পথে হাঁটল জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। ২০২৭ সালের গ্র্যামির জন্য কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল কে-পপের আরেক জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন বিভাগ চালুর ঘোষণা দেয় রেকর্ডিং অ্যাকাডেমি। এ নিয়ে বিতর্কের মধ্যেই গত আগস্টে গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানায় বিটিএস। এবার তাদের পথ অনুসরণ করল স্ট্রে কিডস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের গ্র্যামির জন্য স্ট্রে কিডস কোনো গান জমা দেয়নি। যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির জনপ্রিয়তা দ্রুত বাড়ার মধ্যে এমন সিদ্ধান্ত রেকর্ডিং অ্যাকাডেমির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি নিউইয়র্কের গভর্নরস বল উৎসবে লর্ড ও এএসপি রকির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছে স্ট্রে কিডস। এর আগে রিও ডি জেনিরোর রক ইন রিও উৎসবেও প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করে ব্যান্ডটি।

স্ট্রে কিডসের নয়টি অ্যালবাম যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টে শীর্ষস্থান দখল করেছে। চলতি বছর গ্র্যামির ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন ব্যান্ডটির আট সদস্যই। ফলে গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্তটি বিশেষ গুরুত্ব বহন করছে।

তবে কে-পপ তারকাদের বয়কট ও বিতর্কের মধ্যেও ২০২৭ সালের গ্র্যামিতে ‘এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগটি রাখার সিদ্ধান্তে অটল রয়েছে রেকর্ডিং অ্যাকাডেমি। অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভি মেসন জুনিয়র সম্প্রতি এক বিবৃতিতে জানান, বিষয়টি নিয়ে সবার মধ্যে ঐকমত্য না থাকলেও সিদ্ধান্ত থেকে সরে আসছে না অ্যাকাডেমি।

অ্যাকাডেমি জানিয়েছে, নতুন বিভাগ হলেও এরই মধ্যে এতে বিপুলসংখ্যক গান জমা পড়েছে। তাদের যুক্তি, বিশ্বজুড়ে এশীয় পপ সংগীতের প্রভাব ও জনপ্রিয়তা বেড়েছে, আর নতুন বিভাগটি সেই পরিবর্তনের প্রতিফলন।

অন্যদিকে সমালোচকদের দাবি, আলাদা বিভাগ চালুর মাধ্যমে এশীয় সংগীতকে মূলধারার পুরস্কার থেকে আলাদা করা হচ্ছে।

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা হবে আগামী ১০ ডিসেম্বর। তখনই জানা যাবে, কোন কোন এশীয় ও কে-পপ শিল্পী পুরস্কারের জন্য গান জমা দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত