রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
উল্লেখ্য, এই উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকার কেন্দ্রীয় অংশে প্রবেশ না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এতে আন্তঃজেলা ও পণ্যবাহী যানবাহনের চাপ নগরের ভেতরের সড়ক থেকে অনেকটাই সরানো সম্ভব হবে। দীর্ঘদিন ধরে বিষয়টি নানা ফোরামে বলে আসছেন বিশেষজ্ঞরা। অতীতের কোনো সরকারই খুব গুরুত্ব দেননি। অথচ এ উদ্যোগ বাস্তবায়ন করলে যানজট থাকবে না। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় বিশেষ গুরুত্ব দিয়েছে। আট লেনের হবে এই সড়ক। ২০০৪ সালে বিএনপি সরকার এই রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছিল।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। তিনি প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার তীব্র যানজট কমাতে এবং শহরের ভেতর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এড়াতে প্রায় ৮৯ থেকে ৯৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ চলছে। এই রোডের মূল রুট হচ্ছে আবদুল্লাহপুর রেলগেট থেকে শুরু করে ধৌড়, বিরুলিয়া, গাবতলী, বসিলা, হাজারীবাগ, সদরঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তগোলা, ফতুল্লা, চাষাঢ়া এবং শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত। অন্য অংশটি রেলগেট থেকে তেরমুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে ডেমরা পর্যন্ত যাবে। বর্তমানে রায়েরবাজার, হাজারীবাগ এবং কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।