কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। 

রবিবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুন নেভানোর সময় আহত ফায়ার ফাইটার ফুয়াদ হোসেনকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, আহত এক ফায়ার ফাইটারকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সোমবার (৫ অক্টোবর) দুপুরে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ বা কোনো কারিগরি ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফিলিং স্টেশনে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত