শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) তার প্রচলিত বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে বনানী ইসলামি ব্যাংকিং শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাখাটি নিলুফার হাইটস, বি-৫২ (১ম তলা), কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায় অবস্থিত। গতকাল সোমবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবার বিস্তৃত পরিসর প্রদান করা হবে। মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে।