ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে বাংলা কিউআর বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ৪ অক্টোবর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ইভিপি মো. মাজহারুল হক, এসএভিপি মো. মমিনুল ইসলাম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর ছাদেক বলেন, বরিশালে আধুনিক ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাত্র বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।