মুন্সীগঞ্জে নিখোঁজের পরদিন ডোবায় মিলল নারীর মরদেহ

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শামসুন্নাহার সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা সংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত শামসুন্নাহার উপজেলার খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শামসুন্নাহার সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্থানীয় পথচারীরা রাস্তার পাশের ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশ ও তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্বজনরা জানান, ওই নারী উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। প্রেসারের কারণে হয়তো তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত