পুলিশের কব্জা থেকে ফের পালালেন শরিফুল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে পালিয়ে যান তিনি।

শরিফুল একটি হত্যা মামলার আসামি। গত বছর জুনে হত্যা মামলায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে পুলিশকে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেপ্তার করে আবারও কারাগারে পাঠানো হয়।

আইনগত হেফাজত থেকে পালানোর সেই মামলায় আজ তাকে ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে তিনি পালিয়ে যান বলে জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

প্রসঙ্গত, বাংলাদেশ দণ্ডবিধি (পেনাল কোড) অনুযায়ী, আইনগত হেফাজত থেকে কোনো আসামি পালিয়ে গেলে ২২৪ ধারায় মামলা হয়। এ ধারায় দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

শরিফুলের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জের হরিপুর গ্রামে। ২০১৮ সালে রাজধানীর খিলগাঁও থানায় করা জিসান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল। ওই দিনই তার বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।

পরে একই বছরের ১ অক্টোবর ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত