চন্দনাইশ পৌরসভার এতিমখানা ও হেফজখানা পরিদর্শনে ইউএনও 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ এএম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। পরিদর্শন শেষে তার দেওয়া একটি মানবিক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তিনি পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের থাকার ঘর, খাবারের মান, খাবার পানি সরবরাহ ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের রেজিস্টার খাতা ও দৈনিক খাবারের তালিকাও যাচাই করেন।

পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজ 'Uno Chandanaish' থেকে ছবি সহকারে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসে লেখা হয়—

 "ওদের খাবারের প্লেটের বর্ণ পরিবর্তন হলেও পানির বোতলের বর্ণ লালে লাল হচ্ছে।
একটু দেখতে হবে।
হাতের রেখা দেখায় পারদর্শী না হলেও মাঝে মাঝে হাত দেখে বোঝা যায় কেউ বেত্রাঘাতের শিকার হয়েছে কিনা, কিংবা শরীরে চর্মরোগের আক্রমণ ঘটেছে কিনা।
 ছোট ছোট শিশুরা একটি নিরাপদ বিদ্যাপীঠে বেড়ে উঠুক এই প্রত্যাশায়।"

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "শিশুরা নিরাপদে থাকবে এটাই আমাদের প্রথম অগ্রাধিকার। শিশুদের নিরাপদ আবাসন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। শিক্ষকদের অবশ্যই শিশুদের থেকে আলাদা কক্ষে রাত্রিযাপনের ব্যবস্থা করতে হবে এবং অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।"

পরবর্তীতে উপহার হিসেবে ইউএনও শিশুদের মাঝে কিছু শিশু খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার এই মানবিক উদ্যোগ ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত