রিকনসিলিয়েশন বা ঝগড়া-বিবাদ মিটিয়ে রাজনৈতিক সহাবস্থান চাইলে আগে আওয়ামী লীগের পক্ষ থেকে অতীতের অপরাধের স্বীকৃতি, অনুতাপ ও সদিচ্ছা প্রকাশ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার আগে দলটির পক্ষ থেকে অতীতের অপরাধের স্বীকৃতি ও অনুতাপ প্রকাশ জরুরি। শেখ হাসিনার বক্তব্যে তার কোনো লক্ষণ নেই; বরং ৫ আগস্টের পরও তিনি সরকারকে দোষারোপ করছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। এমন বাস্তবতায় আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের আলোচনা করা কঠিন। গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জ্বালানি তেল, তিস্তা মহাপরিকল্পনা, এলপিজি ও ভিজিএফ কার্ড ইস্যুতেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ডা. জাহেদ বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সমর্থক রয়েছেন। তারাও এ দেশের নাগরিক। তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। তবে এর জন্য একটি মৌলিক ভিত্তি প্রয়োজন। যে রাজনৈতিক দল অপরাধ করেছে, তাদের সেই অপরাধের স্বীকৃতি ও এ নিয়ে অনুতাপ থাকতে হবে। অপরাধের স্বীকৃতি ও অনুতাপের পরই সমঝোতার প্রশ্ন আসে।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাতেও সমঝোতার ক্ষেত্রে অপরাধের স্বীকৃতি ও অনুতাপ গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল বলে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের আইনি দায় শেষ হয়ে যায় না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ও থাকে। আমরা খুব অবাক হয়ে ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেখছি, সেই দলটা, সেই দলের প্রধান নেত্রী এখনো আমাদের ব্লেম করছেন, হুমকি দিচ্ছেন।
বাধ্য হয়েই জ্বালানির দাম সমন্বয় : তথ্য উপদেষ্টা বলেন, সরকার বাধ্য হয়েই আন্তর্জাতিক বাজারের দরের সঙ্গে স্থানীয় পর্যায়ে জ্বালানির দর সমন্বয় করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে দীর্ঘমেয়াদে স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম সমন্বয় করা হবে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যায়। তাই বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা : ডা. জাহেদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ ঠেকাতে মোবাইল কোর্ট ও বাজার তদারকি জোরদার করা হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কর্মসূচিতে খাদ্য সহায়তা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে উপকারভোগীরা ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল পাবেন।
অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি : ডা. জাহেদ বলেন, তিস্তা মহাপরিকল্পনায় নদীভাঙন রোধের পাশাপাশি বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের সুযোগ সৃষ্টির সম্ভাবনা যাচাই করছে সরকার। তবে তিস্তা খরস্রোতা হওয়ায় এটি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। তিস্তা মহাপরিকল্পনার অর্থায়ন কোথা থেকে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে ডা. জাহেদ বলেন, প্রকল্পটি চীনের অর্থায়নে, বাংলাদেশের নিজস্ব তহবিলে অথবা অন্য কোনো দেশের সহায়তায় বাস্তবায়িত হতে পারে সব বিকল্পই খোলা রয়েছে। বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। চীনের সঙ্গে আপাতত কারিগরি সহযোগিতা নিয়ে একটি সমঝোতা রয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নকারী ও অর্থায়নের কাঠামো নির্ধারণে আরও সময় লাগবে। সরকার স্বাধীনভাবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি গত ২ অক্টোবর এসে পৌঁছেছে বলেও সংবাদ সম্মেলনে জানান তথ্য উপদেষ্টা।