ডিসেম্বরে নিষিদ্ধ আ.লীগের ‘অপতৎপরতা’ রুখবে ডিবি

ওসি রাকিবুলের সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত অডিও রেকর্ড নিয়ে প্রশ্নের জবাব দেন ডিবিপ্রধান। তিনি জানান, অডিওটির সত্যতা যাচাই করা হয়েছে এবং এটি প্রকৃত অডিও হিসেবে শনাক্ত হয়েছে।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
ডিসেম্বর মাসকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের ‘অপতৎপরতা’ বা কর্মসূচি কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন।

ডিসেম্বরে দলটির সাবেক প্রধান শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি বা নাশকতার আশঙ্কার বিষয়ে ডিবিপ্রধানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি স্পষ্ট জানান, আইনগতভাবে নিষিদ্ধ কোনো দলের কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘আইন দ্বারা যাদের কার্যক্রম বারিত বা নিষিদ্ধ করা হয়েছে, দেশে তাদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়ে তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক ও সজাগ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলের সঙ্গে সম্পৃক্ত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে চলমান গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুলের সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত অডিও রেকর্ড নিয়ে প্রশ্নের জবাব দেন ডিবিপ্রধান। তিনি জানান, অডিওটির সত্যতা যাচাই করা হয়েছে এবং এটি প্রকৃত অডিও হিসেবে শনাক্ত হয়েছে।

ওই অডিওর মাধ্যমে সংবেদনশীল কোনো তথ্য পাচার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত