বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামির জামিন নামঞ্জুর

এ মামলায় উচ্চ আদালত থেকে নূর মোহাম্মদ আগাম জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে বুধবার (৭ অক্টোবর) নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং হত্যাচেষ্টার অভিযোগে নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া এক মামলায় নূর মোহাম্মদ নামে এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।

এ মামলায় উচ্চ আদালত থেকে নূর মোহাম্মদ আগাম জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে বুধবার (৭ অক্টোবর) নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি নূর মোহাম্মদ আইনের সুযোগ ব্যবহার করে জামিনে থাকার চেষ্টা করছিলেন। রাষ্ট্রপক্ষের আপত্তির পর আদালত জামিন না মঞ্জুর করেন। 

এদিকে নূর মোহাম্মদকে নিয়ে শুধু মামলাই নয়, আবাসন ব্যবসা ঘিরে তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। এর সঙ্গে রয়েছে চুক্তিভঙ্গ, দীর্ঘ বিলম্ব, অসম্পূর্ণ ভবন হস্তান্তর, মালিকানা-সংক্রান্ত কাগজপত্র আটকে রাখা এবং অর্থ আদায়ের অভিযোগ।

আরও গুরুতর অভিযোগ হলো, কয়েকজন মালিককে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং আদালতের কোনো আদেশ ছাড়াই তাদের ফ্ল্যাটে তালা ঝুলিয়ে নিজেদের সম্পত্তি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, আবাসন প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তুললে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এ কারণে নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও তুলেছেন তারা। এ ছাড়া আবাসন ব্যবসায়ীদের সংগঠনে রিহ্যাবের নেতৃত্বে থাকায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও করেছেন কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি।

রাজনৈতিক অঙ্গনেও নূর মোহাম্মদের পরিচিতি রয়েছে। তিনি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর অনুসারী হিসেবে পরিচিত।  তবে ভোল পাল্টিয়ে তিনি আগের মত দাপট নিয়ে চলাফেরা করতেন।  গত মঙ্গলবার তার করা মামলায় একজন অসুস্থ রোগীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার।

সর্বশেষ সর্বাধিক পঠিত