নান্দাইলে কৃষকহত্যা: ৩ সহোদরের মৃত্যুদণ্ড ১০ জনের যাবজ্জীবন 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল মামলা পরিচালনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত