চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশে অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় এ অভিযান চালিয়ে উচ্ছেদের পাশাপাশি সাত ব্যক্তিকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
তিনি বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীর একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে সড়ক দখল করে ব্যবসা করার দায়ে ও সড়ক পরিবহণ আইনে সাত ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ব্যবসায়ীরা দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেবেন বলে অঙ্গীকার করেছেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা।