অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফিলিপ অং। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ সম্পর্কে আলোচনা করেন। এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাতে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চুসহ একটি প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়ে গুরুত্ব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিঙ্গাপুরের ‘ট্রেডট্রাস্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনার আলোকে এ কার্যক্রমে দেশের ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতিমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা। বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।