হাইকোর্টের আদেশ স্থগিত

পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ এএম

এক পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না, সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত এমন সমন্বিত নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ফলে, সরকারের নীতিমালা অনুযায়ী এক পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ২৭ আগস্ট সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা জারি করে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অনুবিভাগ। এতে অন্যান্য সিদ্ধান্তের পাশাপাশি একই পরিবারের একাধিক ডিলার নিয়োগের সুযোগ রহিত করা হয়। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পাঁচজন পরিবারের সদস্য গত ৬ অক্টোবর উচ্চ আদালতে রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশে বিদ্যমান ডিলারশিপ থেকে তাদের বাদ না দেওয়ার নির্দেশসহ নীতিমালার ওই অংশের ওপর স্থিতাবস্থা দেয়। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সার নিয়ে ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের এক বা একাধিক সদস্য ডিলার থাকতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। ২০২৫ সালে এ নীতিমালার সংশোধন হয়। যাতে একই পরিবারের একাধিক সদস্য যেন ডিলার না নিতে পারে, কিংবা তারা যেন রাষ্ট্র ব্যবস্থাকে জিম্মি করতে না পারে, সেজন্য এটি সংশোধন হয়। বর্তমান সরকার ন্যায্যমূল্যে স্বল্প সময়ে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া, সার ডিলার নিয়ে স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতি প্রতিরোধে নীতিমালাটি হালনাগাদ করে।

তিনি বলেন, ‘নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অন্য কোনো সদস্য ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছে। ফলে সার ব্যবস্থাপনা নিয়ে দুর্নীতি ও পারিবারিকীকরণ রোধ করতে সরকারের যে নীতিমালা সেটি বহাল থাকল।

সর্বশেষ সর্বাধিক পঠিত