গ্রামীণ ব্যাংকের ৫০ বছর পূর্তি ও নোবেল জয়ের ২০ বছর উদযাপন কর্মসূচি এবং বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নরসিংদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রামীণ ব্যাংকের নরসিংদী জোনের অন্তর্গত লোচনপুর-রায়পুরা শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
‘ভিশনস্প্রিং’-এর সহযোগিতায় দিনব্যাপী আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে গ্রামীণ কল্যাণের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে রোগীদের চোখ পরীক্ষা করেন। পাশাপাশি স্বল্পমূল্যে চশমা বিতরণ এবং ছানি পড়া রোগীদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের সদস্য ও স্থানীয় এলাকাবাসীসহ প্রায় ২০০ জন এ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বনায়নে উৎসাহিত করতে সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা পরিচালনা (দক্ষিণাঞ্চল)-এর বিভাগ প্রধান মোহা. নজমুল হক, শাখা পরিচালনা (পশ্চিমাঞ্চল)-এর বিভাগ প্রধান মো. মজিবুর রহমান, নরসিংদী জোনের জোনাল ম্যানেজার আমিনুর রহমান, ব্যাংকের স্থানীয় কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস বলেন, ‘বিশ্ব দৃষ্টি দিবস আমাদের চোখের যত্নে সচেতন হওয়ার বার্তা দেয়। দৃষ্টির সুরক্ষার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা সুস্থ, সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’
কর্মসূচি উপলক্ষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংক শুধু দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্যই নয়, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই পরিবেশ গড়ে তুলতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় দৃষ্টি সুরক্ষায় বিনামূল্যে চক্ষুসেবা এবং আগামী প্রজন্মের জন্য সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’