খুলনায় ছিনতাইকারীদের ধারাল চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩ টার দিকে নগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসায় বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাঁর দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনার পর প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, গভীর রাতে ছিনতাইকারীরা তাকে একা পেয়ে আক্রমণ করে। চাপাতি দিয়ে কুপিয়ে তার দুই হাত জখম করে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজার বাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।