জাতীয় দলের শিবির ছেড়ে আসার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ান রোনালদো। গত শুক্রবার আল দিরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন এই পর্তুগিজ সুপারস্টার। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল।
গত ২৭ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকতে হওয়ার পর পর্তুগালের জাতীয় দল ছেড়ে চলে আসেন ৪১ বছর বয়সী রোনালদো। কোচ জর্জ জেসুস তার সঙ্গে কথা রাখেননি—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
জাতীয় দল ইস্যুতে পর্তুগালে সমলোচনা হলেও সৌদিতে ভিন্ন দৃশ্য দেখা গেছে। আল নাসরের সমর্থকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা তাদের অধিনায়কের পাশেই আছেন। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে রোনালদোর ৭ নম্বর জার্সি সংবলিত একটি বিশাল ব্যানার প্রদর্শিত হয়, যেখানে লেখা ছিল—"শ্রেষ্ঠত্ব অর্জন করে নিতে হয়"। এছাড়া ম্যাচের ৭ম মিনিটে পুরো স্টেডিয়ামজুড়ে রোনালদোর নামে স্লোগান দেন ভক্তরা।
সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতেও সময় নেননি রোনালদো। ম্যাচের ২৩তম মিনিটে কিংসলে কোমানের শট প্রতিপক্ষ গোলরক্ষক সঠিকভাবে গ্লাভসবন্দী করতে ব্যর্থ হলে ফিরতি বলে চমৎকার ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে দেন তিনি। ৩৫তম মিনিটে পর্তুগিজ সতীর্থ সামু কস্তা ব্যবধান ২-০ করেন এবং ৭৭তম মিনিটে কোমান দলের হয়ে শেষ গোলটি নিশ্চিত করেন।
এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল কাদসিয়ার সাথে যৌথভাবে শীর্ষ স্থানে উঠে এসেছে আল নাসর। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গোল উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো লেখেন, "কাজ শেষ হলো। এবার পরেরটার দিকে নজর!"
পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদো সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এখনও জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। তবে অনুমতি ছাড়া দল ছেড়ে আসার কারণে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে রোনালদোর গোলের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। সেখানে আল-নাসরের জয়ে রোনালদোর গোলের বিষয়টি তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, ‘আল-নাসরের জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল।’