চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক প্রবাসী মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার উদ্দেশে রওনা হন তিনি। কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা আগে মাঝ আকাশে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
জসিম উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় ব্যবসা করতেন। বিগত বছর দেশে থাকাকালে হৃদ্রোগে আক্রান্ত হলে তার হার্টে রিং পরানো হয়। পরে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে মোজাম্বিকে ফিরে যান তিনি।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুকালে তিনি পরিবারের কাছে ফিরছিলেন। কিন্তু প্রিয়জনদের কাছে আর ফেরা হলো না তার।
এদিকে জসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।