জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

‘ফুটবল-ক্রিকেটের মতো সারা দেশে টেবিল টেনিসকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় সরকার। ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে নতুন বিষয় হিসেবে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। এরপর প্রতিবছর ধারাবাহিকভাবে অন্যান্য শ্রেণিতেও বিষয়টি যুক্ত হবে এবং বিদ্যালয়গুলোতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট পড়ানো হবে।’

‘খেলাধুলা সবার জন্য, খেলাধুলা কোন বয়স মানে না। শিশু থেকে শুরু করে ৬০ উর্ধ্ব সবাই যাতে মাঠে যেতে পারে সেই উদ্দেশ্যে সকলকে একটি নিরাপদ পরিবেশ দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।’ 

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন।

এ সময় তিনি নিজে টেবিল টেনিস খেলে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বের সূচনা করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিন সকাল ১১টায় ক্লাবের আবদুস সালাম হলে টেবিল টেনিস (দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ৬৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় আনোয়ার হোসেন (এনসিসি ব্যাংক) চ্যাম্পিয়ন, মাহবুব রেজা (৭১ টিভি) রানার্সআপ এবং শামীম হাসান (প্রতিদিনের বাংলাদেশ) তৃতীয় স্থান অধিকার করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত