বেসিক ব্যাংকের আমানত বেড়েছে ৫ হাজার কোটি টাকা

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

বেসিক ব্যাংকের আমানত ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়েছে। গ্রাহকদের আস্থা বৃদ্ধির প্রতিফলন হিসেবে আমানতের এই প্রবৃদ্ধিকে উল্লেখ করে গ্রাহকসেবার মানোন্নয়ন, খেলাপি ঋণ আদায় এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, একসময় বেসিক ব্যাংক নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সম্মিলিত প্রচেষ্টায় সেই সংকট কাটিয়ে ব্যাংকটি এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গ্রাহকদের আস্থা ধরে রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সেবা সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি ব্যাংকিংয়ের নিয়ম মেনে খেলাপি ঋণ আদায় জোরদার এবং লোকসানি শাখাগুলোকে লাভজনক করার উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি রোধ, স্বল্প সুদে আমানত সংগ্রহ এবং কমিশনসহ সুদবহির্ভূত আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন ভালো ব্যাংকগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো, পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ বিতরণ বাড়ানো এবং খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের তাগিদ দেন। অন্য বক্তারাও ডিজিটাল ব্যাংকিং, এসএমই খাতে অর্থায়ন, রেমিট্যান্স আহরণ ও ঋণ আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল বলেন, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলতে হবে। আমানত সংগ্রহ বৃদ্ধি, ঋণ আদায় জোরদার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নতুন খেলাপি ঋণ সৃষ্টি রোধে শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাখা ও উপশাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আয় বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত