আন্তর্জাতিক আদালতে বাবুর খুনিদের বিচার করা হবে: দুলু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর মতো জনপ্রিয় নেতাকে হারাতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল বাবু হত্যা। প্রকাশ্য দিবালোকে বাবুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার, তার সবই করেছে। এ কারণে ১৬ বছরেও বাবু হত্যা মামলার বিচার হয়নি।’

শনিবার (১০ আক্টোবর) বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্য হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাবুর খুনিদের বিনা ভোটে মেয়র ও চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছেন। শুধু বাবু নয়, বিএনপিকে দুর্বল করতে আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। এত দিন তারা ক্ষমতার জোরে বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। আজ এই জনতার মহাসমাবেশে বলে গেলাম, এ সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে বাবুর খুনিদের বিচার করা হবে, ইনশা আল্লাহ।’

বনপাড়া বাজারের শহীদ বাবু চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমান। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দিন নাসিম, সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক, অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির সাবেক সম্পাদক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সম্পাদক মোস্তাফিজুল হক বকুল।

২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রকাশ্য দিবালোকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু নিহত হন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত