মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণ উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে দেশটির ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থগিত করা হয়েছে টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাত অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন।
ভূমিকম্পের কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল এবং দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়। পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে পেনোনোমে ও সোনার শহরে ভবন ধসে পড়তে দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে এক ব্যক্তিকে চিৎকার করতে শোনা যায়।