যন্তর মন্তরে তেলাপোকাদের ঠেকাতে ট্রেন, ইন্টারনেট বন্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গত কয়েক দিন ধরেই দেশটির রাজধানী নয়াদিল্লিতে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি ছাত্র সংগঠন। এদিন দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। দিল্লিতে যানজট ও নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে আশঙ্কায় ভারতীয় রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, শনিবার ভোর থেকে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনে পৌঁছানোর কথা ছিল যেসব মেল ও এক্সপ্রেস ট্রেনের; সেগুলো বাতিল করা হচ্ছে।

এ ছাড়া আন্দোলনস্থল যন্তর মন্তরের চার পাশে চার কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সেই পরিষেবা। তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দিল্লিজুড়ে থাকবে কড়া নিরাপত্তা গতকাল শুক্রবার রেলের একটি নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পরে যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছানোর কথা ছিল যে ট্রেনগুলোর, সেগুলো বাতিল করা হবে। রেলের কোচিং ডিরেক্টরেটের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই স্টেশনের আশপাশের রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এ সিদ্ধান্ত।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (শুক্রবার যাত্রা শুরু করার কথা ছিল) ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (শুক্রবার যাত্রা শুরু করার কথা ছিল) বাতিল করা হয়েছে। তবে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে ওই প্রতিবাদ কর্মসূচির সরাসরি যোগ রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত