আগামীকাল মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ এএম

১৯২৪ সালে আর্জেন্টিনা সফরকালে অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে সেবা ও সান্নিধ্যে মুগ্ধ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো। সান ইসিদ্রোর ভিলা মিরালরিওতে রিও দে লা প্লাতার তীরে বসে কাটানো সেই দিনগুলো কবির জীবনে সৃষ্টি করেছিল অদ্ভুত এক আবেগময় পিছুটান। অজানা ভাষার দেয়াল ডিঙিয়ে নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয়েছিল নতুন ভাববিনিময়।

রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সেই ঐতিহাসিক ও রহস্যময় সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ম্যাড থিয়েটারের গবেষণাধর্মী নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আগামীকাল ১২ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটির ১৩তম প্রদর্শনী।

আসাদুল ইসলামের রচনা, নির্দেশনা ও পরিকল্পনায় নির্মিত দুই চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন আসাদুল ইসলাম নিজে এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে রয়েছেন সোনিয়া হাসান। শতাব্দী প্রাচীন এই অলৌকিক প্রেম ও আত্মিক সম্পর্কের অজানা অধ্যায় তুলে ধরার মাধ্যমে নাট্যাঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করেছে ম্যাড থিয়েটার। প্রযোজনাটি সাধারণ দর্শকের পাশাপাশি ছাত্র, শিক্ষক, গবেষক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত