আড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্যাট চালানপত্র ছাড়াই অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের সুতা জব্দ করেছে জেলা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট (সিইভিসি)। গতকাল শনিবার আড়াইহাজারের পুরিন্দা বাজারে অভিযান চালিয়ে অনিক ট্রেডার্সের চারটি গুদাম থেকে চীন ও ভারত থেকে আমদানি করা ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেন ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, পুরিন্দা বাজারে অবস্থিত অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি মোবারক মোল্লার চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যাট চালানপত্রবিহীন মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন ও নাইলন ইয়ার্নসহ বিভিন্ন ধরনের সুতা পাওয়া যায়। এসব সুতার উৎপত্তিস্থল চীন ও ভারত। অভিযান শেষে উদ্ধার করা ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।

নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত