সম্পদের লোভে প্রবাসী ভাগ্নিজামাইকে হত্যাচেষ্টা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কানাডায় থাকতেন খায়রুল ইসলাম জিকু। কিছুদিন আগে বেড়ানোর উদ্দেশ্যে পরিবার নিয়ে দেশে ফেরেন। বিদেশেই স্থায়ী হওয়ার আশায় দেশে নিজের ফ্ল্যাট বিক্রির জন্য চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার এই কাজে বাদ সাধে মামাশ্বশুর কামরুজ্জামান খান।

অভিযোগ উঠেছে, গত ২ অক্টোবর দক্ষিণ গোড়ান এলাকার বাসার প্রধান গেট বন্ধ করে জিকুর ওপর হামলা করে কামরুজ্জামান খানসহ তার স্ত্রী সন্তানরা। সেখানে তারা জিকুকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করেন। কিন্তু প্রাণে বেঁচে গেলেও গত আট দিন ধরে তিনি রয়েছেন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।

ওই ঘটনায় গত ৫ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন জিকুর স্ত্রী উম্মে কুলসুম শান্তা। মামলায় তার আপন মামা কামরুজ্জামান খান, মামি হ্যাপী, তাদের ছেলে হাবিবুর রহমান ও মেয়ে দিনতীকে আসামি করা হয়। বাদীপক্ষের অভিযোগ হামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন আসামিরা।

এ বিষয়ে জানতে গত দুদিন মামলার আসামি কামরুজ্জামান খানের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ভাগ্নিজামাইকে হত্যাচেষ্টা এবং তাদের সম্পদ দখলের অভিযোগের বিষয়টি লিখে তার হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

ডিএমপির খিলগাঁও থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত