নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জোবায়ের মোল্যা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের মোল্যা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে এবং চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে জোবায়ের মোল্যা তার বন্ধু রিজভীর মোটরসাইকেল চেয়ে নিয়ে ব্রাহ্মণডাঙ্গা বাজার থেকে নলদীর উদ্দেশে রওনা হয়। কিন্তু কিছু পথ গিয়ে ফিরে আসার পথে নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জোবায়ের গুরুতর আহত হয়। এ সময় তার পিছনে থাকা আজিজুর সামান্য আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি অবগত হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ। নিহতরা হলেনÑ গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকার আজিজারের স্ত্রী জহিলা বেগম এবং আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ শেষ করে ওই দুই নারী তিস্তা-বড়বাড়ী মহাসড়কের পাশে প্রাতঃভ্রমণ করছিলেন। এ সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর থানার ওসি সাদ আহমেদ জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ । নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম ও তার ছেলের বউ ফরিদা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা শান্ত পরিবহনের বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের বউ ফরিদা বেগম। সকাল ৬টায় বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেন স্থানীয়রা। বউ-শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে পুলিশ এসে ঘাতক বাসটি জব্দ করে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিন উদ্দিনকে আটক করা হয়েছে।