আকাশী-সাদা জার্সিকে চিরতরে বিদায় জানানোর আবেগ আর ভালোবাসার ছোঁয়া তখনও টাটকা। তবে সেই বিদায়ের স্মৃতি পেছনে ফেলে মাঠে ফিরেই আবার নিজের চিরাচরিত মহিমায় আত্মপ্রকাশ করলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মাত্র চার দিন পর ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে জোড়া গোল করে দলকে বড় জয় উপহারের পাশাপশি রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যুক্ত করেছেন এই ফুটবলের মহানায়ক।
ঘরের মাঠ নু স্টেডিয়ামে ডি.সি. ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। প্রথমার্ধে লুইস সুয়ারেজের জোড়া গোলের পর মূল গল্পটা লেখা শুরু হয় দ্বিতীয়ার্ধে।
৪৭তম মিনিটে সুয়ারেজের চমৎকার পাস থেকে ডি-বক্সের ভেতর খুব কাছ থেকে আলতো ফিনিশিংয়ে নিজের প্রথম গোলটি করেন মেসি। এর কিছুক্ষণ পরেই গ্যালারি ভর্তি দর্শকদের উপহার দেন নিজের ট্রেডমার্ক জাদুকরী রূপ। ডি.সি. ইউনাইটেডের ডিফেন্ডারদের দ্রুতগতির পায়ে মন্ত্রমুগ্ধ করে দুর্দান্ত ড্রিবলিংয়ে বক্সে ঢুকে নিখুঁত এক ‘কাটব্যাক’ করে বল পাঠিয়ে দেন জালের একেবারে নিচের কোণায়।
আর্জেন্টাইন ভক্তদের জন্য দেশের জার্সিতে মেসিকে আর না পাওয়ার বিরহ থাকলেও ক্লাবে তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত মায়ামি শিবির।
এ সপ্তাহে এক সাক্ষাৎকারে মায়ামির আলবিসেলেস্তে কোচ ক্রিস্তিয়ান "কিলি" গোঞ্জালেস জাতীয় দল থেকে মেসির বিদায় এবং ক্লাবে উপস্থিতি নিয়ে বলেন, ‘অবশ্যই ওই (আর্জেন্টিনার) জার্সিতে তাকে সবাই মিস করবে, তবে আজ আমাদের কাছে সে এখানে আছে এবং এখন আমাদের সঙ্গে তার উপস্থিতিটা আমাদের উপভোগ করতে হবে।’
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের জোড়া গোলের সুবাদে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ১,১৭৯ ম্যাচে ৯৩৪-এ। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর (৯৮০ গোল) চেয়ে এখন ৪৬ গোলে পিছিয়ে আছেন তিনি। এছাড়া ফ্রি-কিক থেকে রেকর্ড ৭৬টি গোল করা মেসি এখন মার্সেলিনহো কারিওকার (৭৮) সর্বকালের রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায়।
বিশ্বকাপের পর মায়ামির টানা ৬ ড্র ও ৩ হারের মন্দা এবং লিগস কাপ থেকে বিদায়ের পর মেসির এই ফর্ম ক্লাবের জন্য বিশাল আশীর্বাদ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে ১৪টি গোল করেছেন মেসি। চলতি মৌসুমে ২৩টি গোল নিয়ে এমএলএস-এর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি টানা ১০টি ম্যাচে গোল বা অ্যাসিস্টের নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।
মেসির এই নান্দনিক পারফরম্যান্সে ভর করেই এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি। লিগে তাদের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে।