গায়ে চড়িয়েছেন রিয়াল মাদ্রিদের শুভ্র জার্সি, কিন্তু হৃদয়ের গহীনে কাতালান ক্লাব বার্সেলোনার প্রতি গভীর অনুযোগ! ফুটবল বিশ্বে এমন বৈপরীত্য যেন বিরল। তবে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লুইস কারবোনেলের গল্পটা ঠিক এমনই অদ্ভুত। রিয়াল মাদ্রিদের যুব দলে খেলে ফুটবল ক্যারিয়ার গড়লেও লিওনেল মেসির প্রতি অগাধ ভালোবাসা ও মুগ্ধতার কারণে তিনি নিজেকে একজন কট্টর বার্সেলোনা সমর্থক হিসেবে গড়ে তুলেছেন।
২৩ বছর বয়সী এই স্ট্রাইকার রিওজার ক্লাব বারবাস্ত্রোর হয়ে বর্তমানে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলছেন। একসময় রিয়াল সারাগোসার যুব একাডেমি থেকে উঠে এসে বড় বড় ক্লাবের নজরে পড়েন তিনি। ২০২১ সালে ধারে নাম লেখান রিয়াল মাদ্রিদের একাডেমি দলে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর সাদা জার্সি গায়ে চড়ালেও তার ফুটবলীয় মন পড়ে থাকত ক্যাম্প ন্যুতেই; কেবলই বিশ্বজয়ী ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স দেখার তাগিদে।
মেসি বার্সেলোনা ছাড়েন ২০২১ সালে। সেই বছরেই রিয়ালের একডেমিতে নাম লেখান কারবোনেল। সেখানে থেকে পিএসজি হয়ে ফুটবলের জাদুকর এখন মায়ামিতে, তবে কারবোনেলের মনটা এখনো আটকে আছে বার্সা জার্সিতে মেসির জাদুকরী সব মুহূর্তে।
ইন্টারনেটভিত্তিক স্প্যানিশ ফুটবল আলোচনা অনুষ্ঠান ‘এল আফটার দে পোস্ট ইউনাইটেড’-এ অংশ নিয়ে নিজের এই অদ্ভুত ও আবেগঘন অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
নিজের ক্লাবের অতীত এবং মনের ভেতরে লালন করা পছন্দের দল নিয়ে কারবোনেল বলেন, ‘আমি মূলত বার্সেলোনার একনিষ্ঠ সমর্থক হয়ে উঠেছি সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকে। ভাগ্যক্রমে আমি রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমি এখনো বার্সারই এক অন্ধ ভক্ত।’
তিনি আরও জানান, শৈশব থেকেই তিনি কাতালান ক্লাবটির প্রতিটি ম্যাচ নিয়মিত দেখতেন কেবল রোজারিওর সেই চেনা মহাতারকাকে দেখার ব্যাকুলতায়। রিয়াল মাদ্রিদের একাডেমিতে কাটানো দিনগুলোও বিশ্বকাপজয়ী মেসির প্রতি তার সেই গভীর শ্রদ্ধা ও মুগ্ধতায় বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি।
একসময় সারাগোসা ও রিয়াল মাদ্রিদে প্রতিভার দ্যুতি ছড়িয়ে তরুণ কারবোনেলকে স্প্যানিশ ফুটবলের আগামী দিনের তারা মনে করা হচ্ছিল। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। ক্যারিয়ারের শুরুতে গুরুতর হাঁটুর ইনজুরি তার জাতীয় পর্যায়ের তারকা হওয়ার পথ থমকে দেয়। বর্তমানে বারবাস্ত্রোর হয়ে খেলে নতুন করে আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বোলারদের ক্যারিয়ার নিয়ে ‘উদ্বিগ্ন’ গম্ভীর