জামালপুরে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জে পৃথক তিন ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশু, অটোরিকশা উল্টে এক বৃদ্ধ এবং ইটভাটায় ভেকুর নিচে চাপা পড়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

এ ছাড়া ইসলামপুরে আলাইবিলে গোসল করতে নেমে আট বছর বয়সী আরেক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। রবিবার (১১ অক্টোবর) এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার দেড় বছর বয়সী ছেলে রাতুল বাড়ির আঙিনায় খেলছিল। সকালে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

একই উপজেলায় পৃথক ঘটনায় অটোরিকশা উল্টে হোসেন আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার বাসিন্দা। বাজিতেরপাড়া এলাকায় অটোরিকশা উল্টে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকায় নজরুল ইসলামের ইটভাটায় মাটির কাজ করার সময় ভেকুর নিচে চাপা পড়ে লিয়াকত আলী ওরফে বাটালু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে, ইসলামপুর উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার আলালের ছেলে রাতুল (৮) বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে গোসল করতে নেমে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুল আর উঠে আসেনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিলের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল তাকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল।




সর্বশেষ সর্বাধিক পঠিত