নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড

শাকিব ছাড়া পুরস্কার পেলেন যারা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আসরে সেরা নায়কের পুরস্কার জিতেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তার অভিনীত ‘বরবাদ’। পুরস্কার পেয়েছেন রায়হান রাফি, তমা মির্জা, মিশা সওদাগরসহ বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের একাধিক তারকা। ১২ অক্টোবর নিউ ইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে বসে এই আয়োজনের আসর। ‘শো-টাইম মিউজিক’এর ব্যানারে ২৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

এবার মোট সাতটি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে দেওয়া হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং বিকাশে অবদানের জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তমা মির্জা। সেরা খলনায়কের পুরস্কার জিতেছেন মিশা সওদাগর। আর শিল্পকলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আফজাল হোসেন। গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

টেলিভিশন বিভাগেও ছিল তারকাদের উপস্থিতি। সেরা টিভি অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি। সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন শাহ মাহবুব। সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন অঙ্কন ইয়াসমিন। এ ছাড়া ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ আরও কয়েকজন শিল্পী পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

সর্বশেষ সর্বাধিক পঠিত