গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং সম্পূর্ণ অবৈধ উপায়ে লরি বা সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে গাজীপুরে ৬টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সর্বমোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালিত হয়। দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই ক্যাটাগরিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অপরাধে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার অধিক জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদক গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বলেন, আজ দিনভর আমরা অভিযান চালিয়েছি। আমাদের সঙ্গে তিতাস গ্যাস ও বিস্ফোরক অধিদপ্তরের একটি টিম ছিল। ১ লাখ টাকা করে ৫টি স্টেশন ও রিয়াজ পাম্পকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গ্যাস খাতের এসব অনিয়ম ও দুর্নীতি রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত