জামালপুরে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলপাড়া এলাকায় নিজের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলাল মিয়া ওই এলাকার মৃত সুরাব আলী চাহাজির ছেলে। তিনি স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলেকে নিয়ে ঢাকায় বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে বাড়িতে আসেন আলাল মিয়া। মঙ্গলবার সকালে খাবার খেয়ে ঘুমানোর কথা বলে নিজের ঘরে যান তিনি। সন্ধ্যা হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত