জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

জামালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য ৯৪৩ জন প্রশিক্ষিত তথ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর পৌরসভার চারটি ওয়ার্ডসহ জেলার সাত উপজেলার ২১টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

সোমবার (১২ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ইউসুফ আলী।

জেলা প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে অনলাইনের মাধ্যমে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ও জান্নাতুল ফেরদৌসী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত