চকবাজারে এক ফ্লোরের আগুন নিয়ন্ত্রণেই ১২ ঘণ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:২২ এএম

রাজধানীর চকবাজারের মনজুর খান প্লাজার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রায় ১২ ঘণ্টা সময় লেগেছে। সরু গলি, ভবনের কাঠামোগত জটিলতা, ঘন ধোঁয়া ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এই দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে পুড়ে গেছে মার্কেটের ষষ্ঠ তলার পুরো গুদামের মালামাল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গত সোমবার বিকেল ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকার সাত তলাবিশিষ্ট মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরপর ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভবনের ভেতরে থাকা মালামাল সরানো ও পুরোপুরি নির্বাপণের কাজ চলে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা কোনো পক্ষ থেকে জানানো সম্ভব হয়নি।

আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন। তারা হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার জিল্লুর রহমান ও লিডার নজরুল ইসলাম, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মাহাফুজুর হক মজুমদার।

গতকাল সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ব্যবসায়িক ক্ষতি নিয়ে আহাজারি করছেন ব্যবসায়ীরা। বিপুল টাকার আর্থিক ক্ষতির মুখে পড়লেন বলে তারা জানান। ভবনের ষষ্ঠ তলায় এই মার্কেটের গুদাম ছিল। এই তলার সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা।

ব্যবসায়ী ইমতিয়াজ জানান, ভবনটিতে কোটি কোটি টাকার মালামাল ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যাওয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। এ সময় তিনি জানান, আগুনের সূত্রপাত হয়েছে গোডাউন থেকে। এসব গোডাউনে কসমেটিকস, ব্যাগসহ বিভিন্ন মালামাল ছিল। তিনি জানান, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বিশেষ করে ভারী ও পানিবাহী গাড়ি ঘটনাস্থলে নেওয়া এবং বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

এর আগে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। সংবাদমাধ্যমকে তিনি জানান, একটি ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চকবাজারের এই অগ্নিকা- বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনার দুর্বলতাগুলো আবার সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, পুরান ঢাকায় এরই মধ্যে বিভিন্ন সময়ে ভয়বহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন লাগলে সমস্যাগুলো সামনে আসে। কিন্তু সমাধান হয় না। কিছু দিন পরই সবাই ভুলে যায়। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত