সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে
অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে চায় সরকার। এছাড়া চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যশিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রতিটি শিশুকে সুশিক্ষিত করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এরআগে বেলা ১২টায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করা ৬১২ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষক স্বল্পতা দূর করার পাশাপাশি গ্রামাঞ্চলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ তৈরি এবং পাঠদানে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।