পঞ্চগড়ে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় এ অভিযান চালায়। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার মো. সোহেল রানার নেতৃত্বে বিশেষ টহল দলটি সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুল ইসলামকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১০০ মিলিলিটারের ৮০ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তরুণ সমাজ ও দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত